মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।
রবিবার (৫ জুলাই) সকালে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীদের ওয়াশরুম, রান্নাঘর (ক্যান্টিন), বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসাসেবা কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “কাউকে পূর্বে না জানিয়ে আমি হাসপাতালের ক্যান্টিন, ওয়াশরুম ও সার্বিক পরিচ্ছন্নতা পরিদর্শন করেছি। সামগ্রিক পরিবেশ ও সেবার মান আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন সিভিল সার্জনের এ ধরনের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তদারকি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।

