মো: জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেটি দেশের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান, আজ (২৭ জুন ২০২৭) সকালে নির্ধারিত সময়ে দানবাক্স খোলা হয়েছে। সকালে সাতটায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে দানবাক্স খোলার কাজ শুরু করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ সহ জেলা প্রশাসনের উঁচু কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটি, পুলিশ, র্যাব, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।
জেলা প্রশাসনের নজরদারির মধ্যে দানবাক্সের অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার কাজ সুষ্ঠু ও স্বচ্ছভাবে চলছে। প্রতিটি ধাপে সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকছেন, যাতে অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী আলাদাভাবে সংরক্ষণ ও তালিকাভুক্ত করা যায়।
নরসুন্দা নদীর ধারে অবস্থিত পাগলা মসজিদ দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে সুপরিচিত। প্রতিদিন হাজারো মুসল্লি ও দর্শনার্থীরা এখানে নামাজ আদায়, মানত এবং দান-সদকা করার জন্য আসেন। দেশ-বিদেশের অসংখ্য মানুষের দেওয়া অনুদানগুলো এই দানবাক্সে জমা হয়ে বিশাল পরিমাণ অর্থে পরিণত হয়, যা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উত্তম উদাহরণ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণনা কার্যক্রম শেষে দানবাক্স থেকে পাওয়া মোট নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীর বিস্তারিত হিসাব আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
প্রতিবারের মতো এবারও পাগলা মসজিদের দানবাক্স খোলার নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে।

