এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে চিহ্নিত করে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা।
এ মানববন্ধনের আয়োজন করেছে গোপালগঞ্জ সদর উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড প্রেস ক্লাব গোপালগঞ্জের সামনের সড়কে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভূঁইয়া এবং ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লা সহ অন্যান্যরা।
বক্তারা জানান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লার সম্মান হানি করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
তারা এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান যে অপপ্রচার বন্ধ করা হোক এবং সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা হোক। মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আশাবাদ ব্যক্ত করেন।

