মো: জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদক বিরোধী অভিযান চলাকালীন একটি হামলার ঘটনা ঘটেছে। এই সময় স্থানীয় মাদককারবারিরা হ্যান্ডকাফসহ আসামিকে উদ্ধার করে।
শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পুড়াভিটায় একটি অভিযানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আশীষ চন্দ্র শীলকে গাঁজার কারণে আটক করা হয়। তখনই ভ্রাম্যমাণ আদালত বিচারকার্য সম্পন্ন করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর প্রাসঙ্গিক ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকার জরিমানা প্রদান করা হয়।
অন্যদিকে, মাদক বিক্রেতা বেবীর পুত্র ফয়সাল (২৪)-কে মাদক ও নগদ টাকা সহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময়ে অন্যান্য মাদক বিক্রেতারা হঠাৎ আক্রমণ করে এবং হ্যান্ডকাফসহ ফয়সালকে ছিনিয়ে নেয়। এই ঘটনার ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কিছু সদস্য আহত হন।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, ‘আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পুড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ২ জনকে মাদকসহ আটক করে। ওই সময়ে মোবাইল কোর্ট স্থাপন করে একজনকে শাস্তি দেওয়া হয়। অপর আসামি ফয়সালকে নগদ টাকা ও মাদক নিয়ে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে হ্যান্ডকাফ পরে দেওয়া পর পুড়াভিটার মাদককারবারিরা মিলিত হয়ে হামলা করে তাকে ছিনিয়ে নেয়। হামলার ঘটনায় ঘটনাস্থলে অধিদফতরের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

