পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের বৈচিত্র্য তুলে ধরার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নরসিংদী জেলায়। প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোকজ সংস্কৃতি এবং ঐতিহ্যের সমন্বয়ে সাজানো এ বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যে স্টুডিওর বাইরে অনুষ্ঠান ধারণ করে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের স্থান হিসেবে নির্বাচিত হয়েছে প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ নরসিংদী।
অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ করা হয় রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের সামনে। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা আমন্ত্রণপত্র নিয়ে দর্শকরা নির্ধারিত স্থানে উপস্থিত হন।
অনুষ্ঠানস্থল ধারণক্ষমতার অনেক আগেই পূর্ণ হয়ে যায়। নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থান সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের ভবনের ছাদ, রাস্তার পাশ কিংবা উঁচু স্থানে অবস্থান নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
এবারের পর্বে নরসিংদীর ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে দুটি বিশেষ গান পরিবেশিত হয়েছে। এর মধ্যে একটি ফোক-ফিউশনধর্মী গান পরিবেশন করেছেন স্থানীয় সংগীতশিল্পী ইমন চৌধুরী ও তাঁর দল। অন্যদিকে নরসিংদীর ইতিহাস ও কৃষ্টিকে তুলে ধরে একটি নৃত্যগীতও স্থান পেয়েছে অনুষ্ঠানে।
দর্শক অংশগ্রহণমূলক পর্বে নরসিংদী বিষয়ক কুইজের আয়োজন করা হয়। বিজয়ীদের অংশগ্রহণে জেলার ঐতিহ্যবাহী পণ্যকে কেন্দ্র করে নির্মিত একটি নাট্যাংশও পরিবেশিত হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে নরসিংদীর ঐতিহাসিক প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, বাবুরহাটের তাঁতশিল্প, জিআই স্বীকৃত অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুসহ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয় নিয়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন স্থান পেয়েছে। জেলার কৃতী ব্যক্তিদের জীবন ও অবদানও তুলে ধরা হয়েছে।
মানবিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে খুলনার এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির সংগ্রামী জীবনের গল্প। পাশাপাশি বিদেশি প্রতিবেদনে স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘পেঙ্গুইন প্যারেড’।
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে চিঠিপত্র পর্ব, সমসাময়িক বিষয়ভিত্তিক নাট্যাংশ এবং ব্যঙ্গাত্মক উপস্থাপনা। দেশের খ্যাতিমান অভিনয়শিল্পীরা এসব নাট্যাংশে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।
