শহিদুল ইসলাম সোহেল, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এ আগামী ৭ থেকে ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি ২০২৬)’। তিন দিনব্যাপী এ আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, প্রযুক্তিবিদ ও একাডেমিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। আয়োজকদের তথ্যমতে, ৫০টিরও বেশি দেশের অংশগ্রহণকারী এতে যুক্ত হবেন।
এবারের কনফারেন্সে মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে প্রায় ৩৫ শতাংশ অর্থাৎ ২৫২টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার মাধ্যমে প্রকাশিত হবে এবং স্কোপাস ইনডেক্সড জার্নালে অন্তর্ভুক্তির সুযোগ পাবে।
তিন দিনের আয়োজনে থাকছে ৩৩টি টেকনিক্যাল সেশন, ৭টি কীনোট স্পিচ এবং ২টি ইনভাইটেড টক। পাশাপাশি ইন্ডাস্ট্রি টক, স্টিয়ারিং কমিটির সভা এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্মার্ট আইওটি, নবায়নযোগ্য জ্বালানি ও অটোনোমাস ট্রান্সপোর্টেশনসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে গবেষণা উপস্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এম. সোহেল রহমান। এছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ববী হাজ্জাজ।
আয়োজকদের মতে, ‘ইসিসিটি ২০২৬’ আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশীয় ও বৈশ্বিক গবেষকদের মধ্যে জ্ঞান আদান-প্রদান বাড়াতে সহায়ক হবে।
