মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার চরখোয়াজপুর এলাকায় ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে হাসান ফকির (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি অত্র এলাকার আলী ফকিরের ছেলে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষ করে হাসান ফকির নিজ বাড়িতে ফিরে হাত-মুখ ধোয়ার জন্য বাথরুমে যান।
স্বজনদের মতে, হাসান বিভিন্ন মানুষের কাছে ঋণ নেয়। দীর্ঘদিন ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এক সময় হতাশাগ্রস্ত হয়ে তিনি বাথরুমে থাকা একটি ওড়না গলায় পেঁচিয়ে টিনের ছাউনির কাঠের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।
আরোও পড়ুন
| নতুন ভবনে কার্যক্রম শুরু করল খুলনার লবণচরা থানা |
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর দ্রুত বাথরুমে প্রবেশ করে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত কার্যক্রমের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
মৃত্যুর কারণ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করা যাবে বলে জানা যায়।

