মো. রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধিঃ
শহীদ কারবালার আত্মত্যাগের চেতনা ধারণ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বেরিবাঁধ সংলগ্ন শাহবাজী খানকা শরীফ প্রাঙ্গণে শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি অনুষ্ঠিত হয় শাহবাজী স্কাউটসের দ্বারা। এই কর্মসূচিতে সাহায্য প্রদান করে পুলিশ ব্লাড ব্যাংক।
আয়োজকরা বলেন, মানবতার সেবায় এটি শাহবাজী স্কাউটসের ৬ষ্ঠ রক্তদান কর্মসূচি। সংগঠনের সভাপতি বলেছেন, “এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও চলতে থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত পুলিশ ব্লাড ব্যাংকের প্রতিনিধি এসআই জসিম বলেন, “১৮ বছর বা তার বেশি বয়সী একজন সুস্থ মানুষ রক্তদান করতে পারেন। প্রতি তিন মাস পরপর নিয়মিত রক্তদান নিরাপদ এবং এটি অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। তাই সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।”
আরোও পড়ুন
| টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনকারীর প্রতি ডুসাট পরিবারের সংহতি |
আয়োজকদের তথ্য অনুসারে, পুলিশ ব্লাড ব্যাংকের ৭ সদস্যের একটি দল পুরো কার্যক্রম পরিচালনা করেন। এই সময় শাহবাজী স্কাউটসের সদস্য ইব্রাহিম, কাউছার, ইয়ামিন, কিরণ, হাসান মিয়া, রিয়াদ, ফেরদৌস, রকছি ও রাসেল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তারা রক্তদাতা ও উপস্থিতদের সহযোগিতা প্রদান করেন।
স্থানীয়দের মতে, কারবালার ত্যাগ ও মানবতার আদর্শ সামনে এনে এমন কার্যক্রম সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং জরুরি মুহূর্তে অসহায় রোগীদের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখবে।

