মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে মাদারীপুর সদর মডেল থানার অধীন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দক্ষ দল গ্রেফতার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে বুধবার (২১ জুলাই) রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খোকন বেপারি (লামিয়ার শ্বশুর), রিংকি (লামিয়ার ননদ), লিমা (লামিয়ার ননদ)
পুলিশ জানিয়েছে, আলোচিত এই হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে, আলোচিত এই মামলায় তিন আসামির গ্রেফতারের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

