মোঃ হাবিবুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালী-বেগমগঞ্জ-চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত চলমান চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের এক অংশে অনুমোদিত নকশার পরিবর্তনের অভিযোগ করা হয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে ভবভদ্রী সেতুর উত্তর দিকে প্রকল্পের মূল নকশায় পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং সচেতন নাগরিকরা।
স্থানীয়দের মতে, ভবভদ্রী সেতুর উত্তর পাশে সরকারি জায়গায় তৈরি কয়েকটি স্থাপনা রক্ষার জন্য একটি প্রভাবশালী গোষ্ঠী প্রকল্পের নকশা বদলানোর চেষ্টা করছে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর প্রভাব বজায় রেখে এটি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। তবে, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় জনগণের উদ্বেগ, যদি অনুমোদিত নকশা পরিবর্তন করা হয়, তাহলে সড়কের পাশ থেকে প্রবাহিত খালের স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হতে পারে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হতে পারে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করতে পারে এবং ভবিষ্যতে সড়ক নিরাপত্তা প্রশ্নে পড়তে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত। তারা অবিলম্বে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকল্পের সব তথ্য প্রকাশ এবং প্রয়োজন হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবী করেছেন।
এ বিষয়ে এলাকার বাসিন্দারা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রীর তৎক্ষণাত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা আশা করেন, বিষয়টি শিগগিরই তদন্ত করা হবে এবং প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থ নিশ্চিত করা হবে।

