মো: সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত ১৮টি স্থাপনা প্রশাসন দ্বারা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে নূরপুর এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
নূরপুর মৌজার অন্তর্গত ১ নম্বর খাস খতিয়ানের ১৬৭ শতক রাস্তা ও খাল শ্রেণির সরকারি জমির ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। মামলা নম্বর ১২/২০২৫ এর রায় অনুযায়ী, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল দোকানঘর এবং বসতঘরসহ মোট ১৮টি পাকা, সেমিপাকা এবং টিনশেড নির্মাণ। অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করে।
নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ উল্লেখ করেন, “সরকারি খাস জমি, বিশেষ করে খাল ও রাস্তার শ্রেণির স্থানগুলো দখলমুক্ত রাখার জন্য উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আদালতের রায়ের ভিত্তিতে সরকারি জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
তিনি আরো বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

