কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান পরিচালনা করে এক পরিবারের চার ভাই-বোনকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
রোববার (২২ জুন) বিকালে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, আটককৃত সাহাবাদের সিএনজি অটোরিকশায় চলাচল করতে দেখা যায়, যা সন্দেহ সৃষ্টি করে যৌথ বাহিনীর সদস্যদের। এরপর তাদের তল্লাশি করার সময় তাদের দেহ এবং বহনকৃত সামগ্রীর মধ্যে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো বান্দরবান জেলার আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই একই পরিবারের ভাই-বোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক পরিবহণ ও সংগৃহীত তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী এক কর্মকর্তা জানান, “সীমান্ত এলাকাগুলোতে মাদক পাচার ও ব্যবসা বন্ধ করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কোনও ছাড় দেওয়া হবে না।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চালানো হবে।

