এরশাদ রানা কুমিল্লা:
আগামীকাল শনিবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
যাত্রাপথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশে মুদাফরগঞ্জ বাজারে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নেতৃত্বে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত হবে।
এছাড়া, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতারা এখানে একটি পথসভার আয়োজন করেছেন।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে যে, শনিবার প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।
একই পথে চলতে চলতে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষীপুর বাজার মাঠে এক পথসভায় অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা (দক্ষিণ) ইউনিয়নের উয়ারুক বাজার সংলগ্ন খাল পুনঃখনন উদ্বোধন করবেন, এবং চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল খননের উদ্বোধন করবেন। পরে, চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।এদিকে, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের সময় কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ বাজারে কোন নির্ধারিত কর্মসূচি না থাকা সত্ত্বেও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের আন্তরিক প্রচেষ্টা এবং অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মুদাফরগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বক্তব্য রাখতে পারেন বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুজন সাহা।
লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার হয়ে চাঁদপুর যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামের মুদাফরগঞ্জ বাজারে একটি পথসভার আয়োজন করেছে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। ওই পথসভা সফল করার লক্ষ্য দিয়ে বৃহস্পতিবার রাতে লাকসামে বিএনপির প্রধান কার্যালয়ে দলের লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডাকসুর সদস্য ও বিএনপি নেতা ডক্টর রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মনির আহমেদ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ।
