কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. শরীফুল করীম

এরশাদ রানা, কুমিল্লা:

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

অধ্যাপক ড. শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহন করেন। তার প্রয়াত বাবা আব্দুল করীম মজুমদারের মূল আবাস সদর দক্ষিণ উপজেলার ঐতিহাসিক শীষপুর সাহেব বাড়ি। পারিবারিকভাবে পরে তারা চৌয়ারার মাটিয়ারায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি অসাধারণ মেধা প্রদর্শন করেছেন। তিনি চট্টগ্রাম সরকারি হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চ শিক্ষা অনুসরণ করে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (IIUM) থেকে ‘Post-Colonial Literature’ শীর্ষক বিষয়ে পিএইচডি করেন।

১৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতার পেশায় প্রবেশ করেন। দীর্ঘসময় ধরে আনন্দমোহন কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সহকারী অধ্যাপক হিসেবে ইংরেজি বিভাগে যোগ দেন। তিনি প্রতিষ্ঠার সময় বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।

শিক্ষকতা ছাড়াও তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট, এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভাগীয় উপদেষ্টা, পাঠ্যক্রম কমিটির সদস্য এবং নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক ড. শরীফুল করীম জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন University Teachers Association of Bangladesh (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। গবেষণা ক্ষেত্রে তার বিভিন্ন দেশি-বিদেশি জার্নালে গুরুত্বপূর্ণ প্রকাশনা বিদ্যমান।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমার প্রাণের সংগঠন ইউট্যাব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকার যে দায়িত্ব আমাকে দিয়েছেন, তা যথাযথভাবে পালন করাই আমার প্রধান কর্তব্য বলে মনে করি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।’