এরশাদ রানা (কুমিল্লা জেলা প্রতিনিধি):
কুমিল্লার চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিসেল (৪৪) আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।তার মৃত্যুতে চান্দিনা উপজেলাও কুমিল্লা জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ আসর ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মুন্সি কামাল আতাতুর্ক মিসেল চান্দিনার সীমান্তবর্তী এলাকা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মরহুম কামাল মুন্সির ছেলে। মৃত্যুকালে তিনি মা,দুই ভাই, দুই বোন, স্ত্রী, দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুন্সি কামাল আতাতুর্ক মিসেল ২০০০ সালে দৈনিক ভোরের ডাক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০০৩ সাল থেকে দৈনিক ইনিকিলাব পত্রিকার চান্দিনা প্রতিনিধি,পরে জেলা স্টাফ রিপোর্টার সর্বশেষে পত্রিকাটির ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।এছাড়াও তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকও সমবেদনা জানিয়েছেন চান্দিনা প্রেস ক্লাবের সদস্যসহ জেলার সাংবাদিক সমাজ।

