গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচার জোনের কেন্দ্রস্থলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ ও শুকনো খাদ্যপণ্য প্রদান করা হয়।
২০২৬ সালের ১৩ জুলাই, সোমবার সকাল ১০ টা থেকে নানিয়ারচর জোনের কমান্ডার লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি নির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বাধীন ইসলামপুর ও ঘিলাছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হয়।
এসময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে ত্রাণ এবং শুকনো খাদ্য বিতরণ করেন। পাশাপাশি, ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ সায়েম আকতার ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ কার্যক্রমের মাধ্যমে মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পেয়েছে। দুর্যোগের সময় ভুক্তভোগীদের পাশে থেকে তাদের দুর্ভোগ হ্রাসে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে জনসাধারণের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

