কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং কুতুবদিয়াপাড়া ৩ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কাদা ও পানি জমে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কাদা ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। তবে রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও।
এ অবস্থায় এলাকাবাসী হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কার এবং স্থায়ীভাবে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে, যাতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

