ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী, নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর

ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী, নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

ভোলার ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ব্যস্ত নৌপথ কেন্দ্র ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রবিবার (৩১ মে) তিনি সরেজমিনে ইলিশা লঞ্চঘাটের সব কার্যক্রম, যাত্রীসেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, নৌপরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ঘাটের অবকাঠামো, যাত্রীদের সেবা ব্যবস্থা এবং নিরাপত্তার বিভিন্ন দিক যাচাই করেন। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে যাত্রীদের নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত হন।

জেলা পুলিশ জানায়, ইলিশা লঞ্চঘাটে আইন-শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো সংকটের মুখোমুখি হওয়ার আগে প্রতিরোধে পুলিশ সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। ভোলা জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তারা সবসময় সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করছে।