মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ হাওলাদার স্থানীয় আজগর আলী হাওলাদারের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন— ফিরোজ, তানভীর, আকতার ও রেসমা বেগম। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ হাওলাদারের বাড়ির পেছনে কয়েকজন নারকেল পাড়তে গেলে বাধা দেন তার মেয়ে মাসুমা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে মাসুদ হাওলাদারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে বরিশালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ হাওলাদার বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
