মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলা সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মো. আলাউদ্দিন হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলা পৌরসভার আমানতপাড়া এলাকার মো. সুলাইমানের ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ্ ওরফে রাজিব (৪৫), ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা হাওলী এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৭) এবং একই এলাকার মো. আইয়ুব সরদারের স্ত্রী রিমি কবিতা ওরফে রিমা সরদার (৪৫)।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ডিপার্টমেন্ট অব ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় মোহাম্মদ আলী জিন্নাহ্ ওরফে রাজিবের শরীরে মেথঅ্যামফেটামিন (ইয়াবা), অ্যামফেটামিন ও মেথিলিনডাইঅক্সিমেথঅ্যামফেটামিনের উপস্থিতি শনাক্ত হয়। ফয়সাল হোসেনের পরীক্ষায় মেথঅ্যামফেটামিন (ইয়াবা) ও ক্যানাবিনয়েডস (গাঁজা) এবং রিমি কবিতা ওরফে রিমা সরদারের পরীক্ষায় মেথঅ্যামফেটামিন (ইয়াবা) ও অ্যামফেটামিনের উপস্থিতি শনাক্ত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৯, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬; জিআর-৫৬৪/২০২৬।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

