মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি:
ভোলা প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালীব রহমান, এমপির সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন বিষয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং জনস্বার্থে গণমাধ্যমের আরও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকতা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সভার মাধ্যমে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

