খুমেক হাসপাতালে চিকিৎসা না পেয়ে শ্রমিক নেতার মৃত্যুর অভিযোগ

খুমেক হাসপাতালে চিকিৎসা না পেয়ে শ্রমিক নেতার মৃত্যুর অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগে রেলওয়ে শ্রমিক দলের নেতা মো. ইমরান হোসেনের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্বজনদের দাবি, রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি।

তাদের অভিযোগ, দায়িত্বে থাকা চিকিৎসকের অবহেলার কারণে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাসপাতালের পরিচালক বলেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।