নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে শুক্রবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রংপুর জলঢাকা থেকে কুমিল্লাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব ১৩-১৮৮৬) অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসতর্কভাবে একটি অটোরিকশা হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বাসচালক সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বাস এবং অটোরিকশা সহঅন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অটোরিকশাচালক গুরুতর আশঙ্কাজনক বলে জানা গেছে।। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
