আইপিএস কেনায় ডেপুটি স্পিকারের এক মাসের বেতন অনুদান

আইপিএস কেনায় ডেপুটি স্পিকারের এক মাসের বেতন অনুদান

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি স্কুলে বিদ্যুৎ সমস্যায় ভোগা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের সমপরিমাণ প্রায় এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি হঠাৎ করে ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে গেলে অভিভাবকদের কাছ থেকে বিদ্যুৎ সংকটের বিষয়টি জানতে পারেন। স্কুলটিতে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের পাঠদান ব্যাহত হচ্ছিল।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্কুলে পৌঁছালে সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হন। রুমা আক্তার, মরিয়ম, পিংকি সাহা ও রিমা আক্তারসহ কয়েকজন অভিভাবক বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরে দ্রুত একটি আইপিএস স্থাপনের দাবি জানান।

অভিভাবকদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনে ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, অন্য কারও অপেক্ষা না করে নিজেই এই সমস্যার সমাধান করবেন এবং আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতন থেকে এক লাখ টাকা দিচ্ছেন।

তার এই দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে অভিনন্দন জানান। স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকারা এ উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *