মোঃ আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪৬) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজু মিয়া ওই এলাকার মৃত বাঙ্গর আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠার সময় হঠাৎ একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
