মো: আল-মাহফুজ শাওন , খুলনাঃ
ডেঙ্গুর সমস্যাকে মোকাবিলা করা, ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা বাড়ানো এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া নিশ্চিত করতে খুলনা মহানগর ছাত্রদল জরুরি সভা করেছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এই জরুরি সভায় ডেঙ্গুর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। সভায় নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর না তাকিয়ে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সব মানুষের সম্মিলিতভাবে কাজ করা দরকার।
সভায় ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ, মশার আবাসস্থল ধ্বংস, জনসচেতনতামূলক প্রচার এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহায়তা দিতে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রয়োজনীয় কাজ পরিচালনার বিষয়ে আলোচনা হয়। অসুস্থ নেতাকর্মী ও সাধারণ রোগীদের চিকিৎসা নেওয়ার খোঁজ খবর রাখার এবং সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিকের উচিত নিজের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা। কোথাও যেন পানি জমে এডিস মশার আবাস তৈরি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
খুলনা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মানবিক সহায়তা—এই দুটিকে গুরুত্ব দিয়ে তারা মাঠে কাজ চালিয়ে যাবেন। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সভায় খুলনা মহানগর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

