ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা শুরু করার পর এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা দুই মার্কিন সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর ফলে অভিযানে মোট নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সামরিক নীতিমালা অনুযায়ী, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল-জাজিরা
