রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা ও সেবা প্রদর্শন করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আওয়ালকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যক্তিগত উদ্যোগে সহকর্মী ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সদস্য আল আমিন এই সম্মাননা স্মারক প্রদান করেন।
ঠাকুরগাঁও টিএফসি (TFC)-তে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের আয়োজনে একটি আলোচনা সভা শেষে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সাংবাদিক আওয়ালের হাতে এই সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, মা-বাবার সেবা করা প্রতিটি সন্তানের নৈতিক কাজ। কর্মব্যস্ততার মধ্যেও মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের যে উদাহরণ সাংবাদিক আওয়াল দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন ও উপদেষ্টা মজিবর রহমান। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ছিলেন।বক্তারা বলেন, সমাজে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসা আরও বাড়ানোর প্রয়োজন। সাংবাদিক আওয়ালকে দেওয়া এই সম্মাননা একজন ব্যক্তির স্বীকৃতি নয়; বরং এটি সন্তানের মা-বাবার প্রতি দায়িত্ববোধের জন্য একটি উৎসাহমূলক বার্তা।
তারা আশা করেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ভালো প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে মা-বাবার প্রতি ভালোবাসা ও সেবায় উৎসাহিত করবে।

