নড়াইল প্রতিনিধিঃ
পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মাধ্যমে নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালন করা হয়েছে। যুবদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা এবং তাদের ইতিবাচক কাজের জন্য উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১১টার দিকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, নড়াইলের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। এর আগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও সাংবাদিক মো. আল-আমিন। এছাড়া প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি তে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, শ্রম ও দক্ষতার সঠিক ব্যবহার এবং তাদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যুবসমাজকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। তরুণদের মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কাজ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, যুবসমাজ সঠিকভাবে পরিচালিত হলে তাদের মধ্য থেকে ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশার দক্ষ ব্যক্তিরা তৈরি হবে। দেশের দুর্নীতি ও অপরাধ প্রতিরোধেও তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
দিনব্যাপী আয়োজনে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অতিথিরা অংশ নেন।

