বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর এলাকায় ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
রবিবার দুপুরে রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব শিক্ষা সামগ্রী দেওয়া হয়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২১ জন শিক্ষার্থী এ সহায়তা পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার। এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি. এম. তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করবে।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদনের কাজই নয়, স্থানীয় জনগণের উন্নয়নেও কাজ করছে। এলাকার মানুষের পাশে প্রতিষ্ঠানটি অতীতে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও সাহায্য অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা সামাজিক দায়িত্ব। একটি এলাকার উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনেক। তাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার চেষ্টা চলছে।
স্থানীয়রা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা উপকরণ বিতরণের মতো কার্যক্রম স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে সহযোগিতা বাড়াবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্থানীয় মানুষের প্রয়োজন ও এলাকার উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

