বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময়ে উদ্ধার হওয়া সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ ২০২৩-২৪ অর্থবছরের বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দায়িত্বে অবহেলায় ওষুধ নষ্ট হওয়ার ঘটনায় গতকালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
উল্লেখ্য শনিবার (২৫ জুলাই) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের একটি বাথরুমে ছড়ানো সরকারি ওষুধ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশনার পরে রবিবার (২৬ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে হাসপাতালটিতে তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ২০২৩-২৪ অর্থবছরের।
আরোও পড়ুন
| হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন |
ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন, উদ্ধার হওয়া ওষুধ নষ্ট হওয়ার ঘটনায় কারা দায়িত্বে অবহেলা করেছেন তা তদন্ত করে নিশ্চিত করা হচ্ছে। তদন্ত শেষে সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ওষুধ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বিতরণে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি জানান।
ঘটনাটি প্রকাশিত হওয়ার পর হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা ও সার্বিক সেবার মান নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
সটঃ- ১- ডাঃ কামাল হোসেন মুফতি, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, মোরেলগঞ্জ, বাগেরহাট।
সটঃ- ২- ডা: শেখ. মোঃ মোশাররফ হোসেন, পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা।

