এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত।
রবিবার ১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)’র ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়া হলো।
এতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর বা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যা আগে ঘটে সেই সময় পর্যন্ত।
এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সবসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন হলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়। গোপালগঞ্জের মানুষ ড. নাজমুস সাদাত এই নিয়োগের খবর শুনে আনন্দ প্রকাশ করে বলেন, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাসহ ছাত্রদের মানসম্মত শিক্ষা এবং আদর্শ জীবন গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করি।
আমরা চাই প্রতিটি ছাত্রছাত্রী সুন্দরভাবে তাদের জীবন গড়ুক এবং তারা পড়াশোনা করে মানবতার কল্যাণে কাজ করবে এই আশা করি।

