নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে আলিনুর ফকির (৩০) নামে একটি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হওয়ার অভিযোগ এসেছে।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলিনুর ফকির রাতের বেলায় ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছিলেন। এসময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে গুরুতর জখম করে চলে যায় পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

