মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার শীলখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে মোটরসাইকেলের মধ্যে নতুন উপায়ে পাচার হচ্ছিল প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকার সমমূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মো. রশিদ আহমদের ছেলে মো. আমান উল্লাহ (২০) এবং আব্দুস সালামের ছেলে নাজিম উদ্দিন (২০)।
বিজিবি জানায়, টেকনাফ থেকে শাপলাপুর যাওয়ার সময় শীলখালী চেকপোস্টে এক মোটরসাইকেলকে তল্লাশি করা হয় বিজিবির সদস্যদের এবং নারকোটিক্স শনাক্তকারী প্রশিক্ষিত কুকুর ‘হেনরি’-র সহযোগিতায়। এই সময়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা আটটি মিনি কাট থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান যে, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে শাপলাপুর নিয়ে যাচ্ছিলেন। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান যে, মাদক সরবরাহকারী এবং চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি আরও সক্রিয় করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থান ধারন করে রেখেছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
তিনি আরো বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘ সময় ধরে সীমান্ত নিরাপত্তা স্থাপন এবং অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান চালিয়ে আসছে।

