বিশ্বকাপের স্বপ্নে নেইমার, ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে তার নাম

বিশ্বকাপের স্বপ্নে নেইমার, ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে তার নাম

বারবার ইনজুরিতে পড়ে স্বপ্নভঙ্গ হলেও ২০২৬ সালের বিশ্বকাপ খেলার আশা জিইয়ে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম অন্তর্ভুক্ত করেছেন, যা এই তারকার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র প্রায় ১০০ দিন বাকি। এই সময় ব্রাজিলের জন্য দুইটি প্রীতি ম্যাচ পরিকল্পিত হয়েছে। ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হবে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, এই দুই ম্যাচ নেইমারের পারফরম্যান্সের মূল পরীক্ষা হবে।

এ সময় আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা ১০ মার্চ মিরাসল এফসি ও সান্তোস এফসির ম্যাচ সরাসরি মাঠে উপস্থিত থেকে নেইমারের খেলা পর্যবেক্ষণ করবেন। তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ১৬ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। যদিও কোচের উপস্থিতি মানেই নেইমারের সঙ্গে আলাদা বৈঠক নয়, তবু মাঠে খেলা দেখা নিজেই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

২০২৬ মৌসুমে ইতোমধ্যে সান্তোসের হয়ে কিছু ম্যাচ খেলে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার। এর মাধ্যমে আবারও আলোচনায় এসেছে তার ক্লাব ও জাতীয় দলে ভূমিকা। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে তার বিশ্বকাপের স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। নেইমারের বয়স বিশ্বকাপের আগে হবে ৩৪ বছর। তিনি শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন ১৭ অক্টোবর ২০২৩-এ, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *