সংযুক্ত আরব আমিরাত আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি ছুটির সময়সূচি অনুমোদন করেছে। দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) হজ অনুষ্ঠিত হতে পারে এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে ছুটির পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। খবরে জানা গেছে, হজের দিন ২৬ মে সরকারি ছুটি থাকবে। এছাড়া ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার হওয়ায় ৩০ ও ৩১ মে এই ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন দেশটির বাসিন্দারা।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঈদের চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
