‘আরেফিন’-কে নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার

‘আরেফিন’-কে নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার

ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বঙ্গতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর আনকোরা নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।

এবারের ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সাথে তার পুরোনো রসায়ন কোন দিকে মোড় নেবে— তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের ‘অরিজিনাল গ্যাং’ অসম্পূর্ণ, সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরোনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন— এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমার বিশ্বাস, পুরোনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে।’

কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়াও আছে স্পর্শিয়া, লামিয়া লাম সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *