মোঃ রানা, বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। একই সঙ্গে কৃষি অফিস প্রাঙ্গণে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে একাধিক স্টল সম্বলিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। এছাড়াও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অনেকে।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কৃষি খাতে উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
