পাইকগাছায় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে একটি অদ্ভুত ও রহস্যজনক ঘটনা ঘটেছে। বাজার থেকে ক্রয় করা গরুর মাংস কড়াইতে দেওয়ার দুই মিনিটের মধ্যে সবুজ রঙ ধারণ করে। একই সাথে, সেই মাংস ধোয়ার পর ব্যবহার করা পানি কালো হয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনা পাইকগাছা পৌরসভা এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘মডার্ন বেকারি’র কর্মচারীরা একটি পিকনিকের আয়োজনের জন্য পাইকগাছা মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের দোকান থেকে ফ্রিজে সংরক্ষিত ২ কেজি ৯০০ গ্রাম গরুর মাংস ক্রয় করেন। পরে রান্নার জন্য মাংস প্রস্তুত করে কড়াইতে চাপানোর পর সঙ্গে সঙ্গেই বিপত্তি ঘটে। ধোয়ার পানি কালো হয়ে যাওয়ার পাশাপাশি রান্নার মাত্র দুই মিনিটের মধ্যে মাংসের রং গাঢ় সবুজ হয়ে যেতে শুরু করে।
মাংসের এ অস্বাভাবিক পরিবর্তন দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ও ধোঁয়াশার সৃষ্টি হয়। দ্রুত এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করে। পরে ঘটনার গুরুত্ব বুঝে মাংসসহ পুরো বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে রহস্যময় সেই মাংস উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
| পাইকগাছা–কয়রার লোডশেডিং; সংসদে বিষয়টি উত্থাপন |
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “কর্মকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। মাংসের নমুনা পরীক্ষাগারে (ল্যাব) পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হবে ঠিক কী রাসায়নিক বিক্রিয়া বা ভেজালের কারণে এমনটা ঘটেছে।”
এদিকে, বাজারে নিম্নমানের বা ক্ষতিকর রাসায়নিকযুক্ত মাংস বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও ভীতি সৃষ্টি হয়েছে। দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে রহস্যের আসল কারণ বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।