মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে একটি শিক্ষাবৈঠক হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে সংগঠনের ইউনিয়ন আমীর মাও: গিয়াস উদ্দিন নিজামীর নেতৃত্বে এবং সেক্রেটারি মাও: ইব্রাহিম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে দারস উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন এমারতের সাংগঠনিক সেক্রেটারি মাওঃ জামাল হোসাইন।
শিক্ষাবৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী। বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক এ্যাডভোকেট মাওঃ মুহাম্মদ শাহজাহান, চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক ইউনিয়ন শাখার তরবিয়্যত সেক্রেটারি মাওঃ সাঈদ আহমদ তারেক, মাওঃ নিজামউদ্দিন এবং মাওঃ হাফিজউদ্দিন কাদের।
বক্তারা কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের নিয়ে আগামী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড চেয়ারম্যান, কমিশনার, মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচনের জন্য নিজেদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করে এগিয়ে আসার জন্য আহবান জানান।

