২০২৫ সালের অক্টোবর মাসে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক মাতাল হয়ে একটি নাইটক্লাবের বাউন্সারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ঘটনার কারণে ব্রুককে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয় এবং মাঠের বাইরের আচরণের জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। তবে ব্রুক এখনো অধিনায়কত্বে আছেন, যা তিনি নিজের জন্য ‘সৌভাগ্য’ মনে করছেন।
বর্তমানে ইংল্যান্ডের ক্রিকেট দল বিশ্বকাপের আগে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে। সেখানে ব্রুক গণমাধ্যমের সামনে সরলভাবে স্বীকার করেছেন, ‘আমি বড় ভুল করেছি। একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে এটা অত্যন্ত অপেশাদার আচরণ ছিল। আমি আমার সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি আমার ভুল থেকে শিখেছি এবং এর পুনরাবৃত্তি হবে না।’
অক্টোবর মাসের ঘটনার সময় ব্রুকসহ কয়েকজন খেলোয়াড় রাতে মদ্যপান করতে বাইরে গিয়েছিলেন। ব্রুক বলেন, আমি একাই নাইটক্লাবে গিয়েছিলাম, যেখানে বাউন্সার আমাকে ঘুষি মারে। আমি পুরোপুরি মাতাল ছিলাম না, তবে একটু বেশি পান করেছি।’ সেই ঘটনার পর অধিনায়কত্ব হারানোর শঙ্কা থাকলেও ব্রুক তা মেনে নিতেন এবং বলেন, ‘আমি ভাগ্যবান যে এখনো দায়িত্বে আছি।
২০১৮ সালে টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নাইটক্লাব কাণ্ডের কথা উল্লেখ করে ব্রুক বলেন, স্টোকস আমাকে এই পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করেছেন। অস্ট্রেলিয়ায় মদ্যপানের সংস্কৃতি নেই, আমরা মাঝে মাঝে দু-একটা পানীয় নিই, কিন্তু সেটা আমাদের কাজের ওপর প্রভাব ফেলে না।
শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য মধ্যরাতের পর বাইরে বের না হওয়ার কারফিউ জারি করা হয়েছে। ব্রুক মনে করেন, এটি দলগত সিদ্ধান্ত, যা আমাদের পারফরম্যান্স ও ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়াবে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হবে।

