শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে সোনাপুর-কবিরহাট রাস্তায় বালুবাহী পিক-আপভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের জোড়ালো সংঘর্ষের ফলে পিক-আপভ্যানের নীচে চাপা পড়ে কোম্পানীগঞ্জের দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। জানা গেছে, তারা দুজন ছিল বন্ধু।
২৩ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকা জুড়ে এই ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের পুত্র শিবলু তারেক রহমান(১৬) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যাহর পুত্র জিহাদ হোসেন(২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, কবিরহাট সোনাপুর সড়কের বারি পুকুর পাড়ে একটি দ্রুতগামী বালুবাহী পিক-আপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ দুজন আরোহী ঘটনাস্থলে মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নিজাম উদ্দীন ভূঁইয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো থানায় নিয়ে আসে। পিক-আপভ্যানের চালক মহিউদ্দিন মাহমুদ এবং সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চালকদের বাড়ি জেলার সদর উপজেলায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

