মো: আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি’র নির্দেশে রামপাল উপজেলার একটি গুরুত্বপূর্ণ খাল থেকে দীর্ঘদিনের অবৈধ বাদ অপসারিত হয়েছে।
আজ সোমবার সকালে ৭নং পেড়িখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চামারখালী এলাকায় অভিযান পরিচালনা করেছেন রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ ছিল যে, চামারখালী খালের উপর অবৈধভাবে বাদ নির্মাণের কারণে বর্ষাকালে তীব্র জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। এতে নাগরিক জীবনে অসুবিধা এবং শত শত একর কৃষিজমি তলিয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। তাছাড়া, খালের পানি প্রবাহ বন্ধ থাকায় পরিবেশ ও জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্যও বিপদ সৃষ্টি হচ্ছিল।
এ পরিস্থিতি নজরে আসার পর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তার নির্দেশ অনুযায়ী, আজকের অভিযানে ভারী যন্ত্রপাতির সাহায্যে খালের ওপর গড়ে তোলা অবৈধ বাদ সম্পূর্ণভাবে অপসারণ করা হয়।
অবৈধ বাদ অপসারণের খবরে এলাকাবাসী নিরাপত্তাবোধে ফিরে এসেছে। স্থানীয় কৃষকেরা বলেছেন, “আমরা দীর্ঘদিন জলাবদ্ধতার সমস্যার শিকার হয়েছি। আজ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বাদ অপসারণ হওয়ায় আমাদের ফসল রক্ষা হবে।”
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “সরকারের উদ্দেশ্য হল পরিবেশ ও জলবায়ুকে ক্ষতিগ্রস্ত করার কোন অবৈধ স্থাপনা সহ্য না করা। মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি।এলাকার অন্যান্য খাল-বিলে একই ধরনের অবৈধ স্থাপনা থাকলে সেগুলোও পর্যায়ক্রমে অপসারিত হবে।”
পরিবেশ প্রতিমন্ত্রীর যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে রামপাল বাসীরা উপকৃত হবেন বলে আশা করছেন সচেতন মহল। তারা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে দাবী জানিয়েছেন।

