বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়লকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ গুরুতর আহত হন।
আহত আব্দুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এবং ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
