সৌরভ দত্ত, বিশেষ প্রতিনিধি কলকাতা:
নবান্ন রাজ্যের প্রশাসনিক পর্যায়ে এক গুরুত্বপূর্ণ রদবদল ঘটিয়েছে। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একসঙ্গে ১৮ জন আইএএস কর্মকর্তা দায়িত্ব বদলির খবর ঘোষণা করা হয়েছে। খাদ্য, পরিবহণ, নারী ও শিশু কল্যাণ, আবাসন, শ্রম এবং সুন্দরবন উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি কিছু কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পূর্বে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ছিলেন জগদীশ প্রসাদ মিনা, এখন তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিব হিসেবে কাজ করবেন। খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি পাঠানো হয়েছেন স্টেট গেজেটিয়ার্সে।
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের প্রধান সচিব, ডঃ রবি ইন্দর সিং এখন পরিবহণ দপ্তরের প্রধান সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। পূর্বে পরিবহণের দায়িত্বে থাকা সুরেন্দ্র গুপ্তকে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের প্রধান সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
লোকভবনের সচিব ডঃ সৌমিত্র মোহন তার বর্তমান দায়িত্বের সাথে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবত্বও পালন করবেন। জলপাইগুড়ির বিভাগের কমিশনার অনুপ কুমার আগরওয়াল কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে চলে মোহিত গোদারা বসু এখন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বে থাকবেন।
রাজীব কুমার আগে NSATI এর দায়িত্ব পালন করছিলেন। তাঁকে এখন প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে। ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র শিল্প বিভাগের দায়িত্বে ছিলেন রাজেশ পাণ্ডে। তিনি যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হয়েছেন।
এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব হিসেবে নিযুক্ত হচ্ছেন ডব্লিউবিএসআইডিসির ব্যবস্থাপনা পরিচালক আর. বিমলা। আইসিডিএস-এর পরিচালক রচনা ভগতকে শ্রম দপ্তরের সচিব করা হয়েছে। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের সচিব মুক্তা আর্যকে সুন্দরবন সংক্রান্ত দপ্তরে পাঠানো হয়েছে। প্রধান আবাসিক কমিশনার দুষ্যন্ত নারিয়াল তার বর্তমান দায়িত্বের সঙ্গে এনএসএটিআই-র ডিরেক্টর জেনারেল এবং এসএনটিসিএসএসসি-র চেয়ারের অতিরিক্ত দায়িত্বও পেলেন।
মুখ্যমন্ত্রীর দপ্তরের উন্নয়ন কাজের প্রধান সমন্বয়কারী নন্দিনী চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে নিযুক্ত করেছে নবান্ন। ভূমি নথি ও জরিপ অধিকর্তা রণধীর কুমারকে আবাসন দপ্তরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব রাজু মিশ্র হচ্ছেন শুল্ক বিভাগের কমিশনার।
অন্যদিকে, আবাসন, যুবকল্যাণ, বিপর্যয় মোকাবিলা এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বে থাকা রাজেশ কুমার সিনহাকে সেচ ও জলপথ দপ্তরের প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা তার বর্তমান কর্তব্যের পাশাপাশি পরিবেশ দপ্তরের প্রধান সচিবের ক্ষেত্রেও দায়িত্ব পালন করবেন।
