মোহাম্মদ হোসাইন, কক্সবাজারের টেকনাফ রিপোর্টার:
উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় আর্থিক সংকটে থাকা দরিদ্র ও অসহায় জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপির উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, বৈরী আবহাওয়া ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে মাছ আহরণে ব্যাহত হওয়ায় অনেক জেলে পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে। এসব পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এ সময় উপকারভোগী জেলে পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাও বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ সহায়তার জন্য বিজিবিকে ধন্যবাদ জানান। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে এই সহায়তা পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে খাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। মানবিক এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
