কিশোরগঞ্জ মেডিক্যালে মেয়াদোত্তীর্ণ রুটির অভিযোগ

কিশোরগঞ্জ মেডিক্যালে মেয়াদোত্তীর্ণ রুটির অভিযোগ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এবার এক নারী রোগীকে সকালের নাস্তায় মেয়াদোত্তীর্ণ রুটি দেওয়ার অভিযোগ ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী আছিয়া বেগম (৭০) অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউরা গ্রামের বাসিন্দা। ডায়াবেটিস ও পাতলা পায়খানাজনিত সমস্যায় অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে মেডিসিন বিভাগের ২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর স্বজনদের দাবি, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে দেওয়া নাস্তায় থাকা রুটির গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখতে পান তারা। পরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলে হাসপাতালজুড়ে আলোচনা শুরু হয়। সন্ধ্যার পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

আছিয়া বেগমের ছেলে হুমায়ুন আহমেদ বলেন, রোগীকে সুস্থ করতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যদি মেয়াদোত্তীর্ণ খাবার দেওয়া হয়, তাহলে রোগীদের স্বাস্থ্য আরও ঝুঁকির মধ্যে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ রয়েছে। অনেক সময় নিম্নমানের খাবার পরিবেশন করা হয় বলেও তারা দাবি করেন।

হাসপাতালের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান সিদ্দিকী এন্টারপ্রাইজের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেন কয়েকজন স্বজন। তাদের দাবি, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা হচ্ছে না।

উল্লেখ্য, ঘটনার আগের দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। কয়েকজন স্বজনের অভিযোগ, মন্ত্রীর সফরের দিন তুলনামূলক ভালো খাবার দেওয়া হলেও সাধারণ সময়ে সেই মান বজায় থাকে না।

অভিযোগের বিষয়ে সিদ্দিকী এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আতাহার আলী টুটুল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।