মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম পৌর এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা HASENE (বাংলাদেশ-তুরস্ক-অস্ট্রিয়া)।
বৃহস্পতিবার ঈদের দিন পৌর এলাকার সর্দারপাড়া এলাকায় সংস্থাটির উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে এ মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করেন।
মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা জাসাসের সদস্য সচিব সজীব আহসান, আতাউর রহমান আতা, মুকুট, আনারুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কোরবানির মাংস পেয়ে মমেনা বেওয়া নামে এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, সংসার চালাতেই কষ্ট হয়, গোশত কেনার সামর্থ্য নেই। আজ পাওয়া গোশত দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা সংস্থাটির এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
