শেরপুরে উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম পুনরায় শুরু

শেরপুরে উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম পুনরায় শুরু

মোঃ আল মুনতাকিম, বিশেষ প্রতিনিধি:

দীর্ঘদিন বন্ধ থাকার পর শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম নতুনভাবে শুরু করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির কার্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর শিল্পকলা একাডেমির কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয় সংস্কৃতি চর্চায় নতুন গতি আসবে। একই সঙ্গে একাডেমির পাশে একটি শিশুপার্ক নির্মাণের পরিকল্পনার কথাও তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে বলা হয়, শিল্প ও সংস্কৃতি চর্চা সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানা গেছে, প্রাথমিকভাবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রকলার প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নাট্যকলা বিভাগও যুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।