নাজমুল হক সনি, সাপাহার প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই মূল প্রতিপাদ্য নিয়ে নওগাঁর সাপাহারে ভূমি মেলা-২০২৬ শুরু করা হয়েছিল।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস চত্বরে ফিতা কেটে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় একটি বর্ণময় র্যালি উপজেলা সদরের প্রধান সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। র্যালি শেষে জনসচেতনতা মূলক সভা, সেমিনার ও গণশুনানির আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি এবং সাবেক অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সেবাগ্রহীতা, শিক্ষক ও স্থানীয় গুণীজনরা।
ভূমি মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান অনলাইনে প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন আধুনিক ভূমি সেবার বিষয়ে সাধারণ মানুষকে জানানো হয়। একই সঙ্গে, মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে সেবা গ্রহণের জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, ভূমি সেবাকে আরও সহজ এবং দ্রুত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপজেলা বাসির জন্য ভূমি বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
